images

সারাদেশ

মৌলভীবাজারে নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা, যা জানা গেল

জেলা প্রতিনিধি

০৯ মার্চ ২০২৬, ০৬:০২ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে প্রাইভেটকারে জোরপূর্বক তুলে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর প্রাণপণ চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো ওইদিনও ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এলাকায় বারবার ঘোরাফেরা করছিল। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁকে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে উঠতে বললেও, তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্রত্যাখ্যান করেন।

কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা হন। ঠিক তখনই গাড়িটি আবার এসে থামে এবং গাড়ি থেকে এক যুবক নেমে তাঁর হাত ও মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসটি