images

সারাদেশ

পৃথক অভিযানে ভারতীয় ২৯ কেজি গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি

০৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ এএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯ কেজি গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক এক লাখ টাকা।

 রোববার (৮ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে বিকেলে হবিগঞ্জের মাধবপুরের রাজেন্দ্রপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি। এ প্রেক্ষিতে তারা সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নোয়াগাঁও নামক এলাকায় অভিযান চালায়। এ অভিযানে জঙ্গলে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় ১৭ কেজি গাঁজা জব্দ হয়।

এছাড়াও অপর অভিযানে জালুয়াবাদ নামক এলাকায় রাজেন্দ্রপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে পাচারকালে মালিকবিহীন ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।

বিজিবি জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সর্বমোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে।

প্রতিনিধি/এসটি