images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ১১:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে চোরাইপণ্য আনার সময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা চড়া হলে অস্ত্র তাক করে আত্মরক্ষা করেন বিজিবি সদস্যরা।

রোববার (০৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত দিয়ে স্থানীয় খাদলা গ্রামের কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিজিবির এক সদস্য তাদের ধাওয়া করলে গ্রামের ভেতর ঢুকে পড়ে। একপর্যায়ে এক চোরাকারবারি মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যের ওপর চড়াও হন। তবে বিজিবি সদস্য ও চোরাকারবারির নাম জানা যায়নি। পরে খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এলে গ্রামবাসী তাদের ওপরও চড়াও হন। এ সময় এক বিজিবি সদস্য আত্মরক্ষার্থে গ্রামবাসীর দিকে তার অস্ত্র তাক করেন। পরে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি সদস্যের ধাওয়ায় এক চোরাকারবারি পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। এ নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্য অস্ত্র তাক করেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসটি