images

সারাদেশ

১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১৬ মার্চ বলরামপুর গ্রামে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে সাহাপাড়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা এ কর্মসূচি যখন শেষ করবো তখন এই এলাকার মানুষ সুবিধা পাবে। এখানে ব্যাপক জলবদ্ধতা হয়। খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে এবং সেচের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রায় সাড়ে ১২ কিলোমিটার এই খাল খননের দায়িত্ব নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। দেশব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা এক সঙ্গে করতে চাই।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তার লক্ষ্য। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচি আবার নিয়েছি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চৌধুরী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে