images

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল নিরাপদে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৭ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিটে রংপুর এরিয়া সদর দফতরের বোম ডিসপোজাল টিম বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়ার রণচন্ডী এলাকায় একটি ভাঙারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করে বিজিবি। স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার বস্তু হিসেবে ভাঙারির দোকানের মালিক মো. আশরাফুল আলম এটি ক্রয় করেন। পরে বস্তুটি সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করেন।

পরবর্তীতে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করে এবং সেটি পুলিশের হেফাজতে নেয়।

রোববার (৮ মার্চ) সকালে সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি বিশেষজ্ঞ বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয় থানা পুলিশ ও বিজিবির সহযোগিতায় আজিজনগরের একটি ফাঁকা স্থানে মর্টার শেলটি নিরাপদে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

সেনাবাহিনীর সূত্র জানায়, সকাল ১১টা ৫০ মিনিটে মেজর মো. জুলফিকার আলীর নেতৃত্বে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

বোম ডিসপোজাল টিমের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন মো. রাকিব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ১৮ বিজিবির সুবেদার মুজিবুর রহমান এবং তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ চন্দ্র রায়।

সীমান্ত এলাকা হওয়ায় সতর্কতার সঙ্গে তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় মর্টার শেলটি ধ্বংস করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ভারত সীমান্ত পেরিয়ে পাথরের সাথে ভেসে আসতে পারে।