জেলা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
রোববার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের সময় ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 4G তারাবি সোনার মোড় চাঁপাইনবাবগঞ্জ’। ফেসবুক পোস্টটিকে কেন্দ্র করে এলাকাবাসী কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন। পরে খবর পেয়ে থানা পুলিশ এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেফতার করা আছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রতিনিধি/এসএস