জেলা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা চালিয়ে গণেশ পাল (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গণেশ পাল ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্ত্রী নেপালী পাল জানান, তাদের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। এজন্য শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। কিন্তু, তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়।
তিনি আরও জানান, তার চোখের সামনেই জিদান ও তার সহযোগী গণেশ পালের ওপর ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জিদানের বাড়ি বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায়। তিনি স্থানীয় রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।
নিহত গণেশ পালের চাচাতো ভাই বাপ্পী পাল বলেন, হঠাৎ করে খবর পাই, গণেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার জেঠাতো ভাই গণেশ মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি করা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গণেশ পাল নিহত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/টিবি