images

সারাদেশ

ঝিনাইদহ টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ০৮:২৪ এএম

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জে লাইন, রয়েল পরিবহন ও গোল্ডেন লাইন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা বাস ছাড়া লোকজন ছিল না। বাস ৩টি একবারেই পাশাপাশি দাঁড়িয়ে ছিল।

জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে আমি বাড়ি থেকে টার্মিনালে আসি। এসে দেখতে পাই, আমার বাসসহ আরও দুটি বাস দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে।

বাস-মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু জানান, এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। শুনেছি, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হারুনর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধরের জেরে ছেলেটি মারা যায়। সেই একই মালিকের একটি বাস টার্মিনালেও দাঁড়িয়ে ছিল। দুটি ঘটনা একই কারণে ঘটতে পারে কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। এ ঘটনা একই সূত্রে গাঁথা কিনা সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ দেখতে চাই।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎই খবর পাই যে, টার্মিনালে বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। কিভাবে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/টিবি