জেলা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ০৭:১৭ এএম
কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। দুর্গন্ধ ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্থানীয়রা পরে তিমিটিকে বালিয়াড়িতে গর্ত করে মাটিচাপা দিয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতে তিমিটি ভেসে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেরা প্রথমে বিশাল আকৃতির তিমিটিকে দেখতে পান। পরে কয়েকটি ট্রলার একত্র হয়ে রশি দিয়ে সেটিকে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি নিয়ে আসেন। তবে তিমিটি তখন মৃত ছিল এবং দুর্গন্ধ ছড়াতে শুরু করায় জেলেরা সেটিকে সাগরে ভাসমান অবস্থায় রেখে চলে যান। পরবর্তীতে জোয়ারের পানিতে ভেসে তিমিটি কুতুবদিয়া পশ্চিম সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আটকে যায়।
স্থানীয় জেলে মুজিবুর রহমান বলেন, মৃত তিমিটি ধীরে ধীরে ফুলে উঠতে থাকে। পচন প্রক্রিয়ার কারণে মাছের দেহে হাইড্রোজেনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি হয়, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায় এবং তা আশপাশের মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রশাসন জানায়, পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। একটি এক্সকাভেটর দিয়ে সৈকতের বালিয়াড়িতে গর্ত তৈরি করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিমিটিকে সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিমিটির দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছয় মিটার এবং ওজন দুই থেকে তিন টনের বেশি হতে পারে। সাধারণত এ ধরনের ঘটনার ব্যবস্থা উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদফতরের মাধ্যমে নেওয়া হয়। তবে ঘটনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় উপস্থিত না থাকায় স্থানীয় মানুষের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক মাহবুবুল হক বলেন, কুতুবদিয়া পশ্চিম সৈকতে মৃত তিমি ভেসে আসার বিষয়টি পরে জানতে পেরেছি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তিমিটিকে বালিয়াড়িতে গর্ত করে মাটিচাপা দিয়েছেন।
প্রতিনিধি/টিবি