জেলা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ০১:৪১ এএম
অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ বরগুনায় গভীর রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রির জন্য তোলা প্রায় চার লাখ টাকার পণ্য আগুনে পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এক ব্যবসায়ী।
শনিবার (০৭ মার্চ) শেষ রাতে বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা- ফেরিঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে নোমরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি স্থানীয় ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম কিসলুর মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের শেষ ভাগে অজ্ঞাত দুর্বৃত্তরা নোমরহাট এলাকায় অবস্থিত ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. আমিনুল ইসলাম কিসলু বলেন, প্রতিদিনের মতো রাত প্রায় ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। দোকানটি বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় কখন আগুন লাগানো হয়েছে তা তিনি বুঝতে পারেননি। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাকে ফোনে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন দোকানের ভেতরে থাকা বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রির জন্য প্রায় চার লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলাম। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে সব পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বরগুনা সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা আগুন লাগিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।