জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম
মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ফেরি টার্মিনাল এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ মল্লিক নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত মল্লিক শিবালয় নতুন পাড়ার বাসিন্দা আনছার মল্লিকের ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে, তারা হলেন- সাব্বির (১৬) ও জাহাঙ্গীর (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জানা গেছে, সকাল ১১টার দিকে ওই এলাকার স্থানীয় একটি দোকানে গাড়ির চাকায় হাওয়া ভর্তির কাজ চলছিল। এসময় হঠাৎ হওয়ার দেওয়ার মেশিনের সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় এই বিস্ফোরণের শব্দ। এতে ঘটনাস্থলে থাকা ছোট-বড় যন্ত্রাংশ চারদিকে উড়ে গিয়ে পড়ে। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে সিলিন্ডারের একটি টুকরো পাশের দোকানে বসে থাকা মল্লিকের গায়ে এসে পড়ে। পরে আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।
শিবালয় থানার ওসি মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এতে আরও ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এজে