images

সারাদেশ

বাঁশঝাড়ে মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

বাঁশঝাড়ের নিচে মাটির নিচে পানির ট্যাংক থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে এই তেল মজুত করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(৭ মার্চ) বিকেলে নাটোর জেলার সিংড়া উপজেলার থানা মোড় এলাকার ব মাটির থেকে ওই তেল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল (৩৪) ভাটোপাড়া মহল্লার বাসিন্দা ও মো. বেল্লাল হোসেনের ছেলে। তিনি সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।

অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যাতে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এজে