জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে চারটি ট্রলি জব্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের ভুঁইয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন লেবুতলা ইউনিয়নের ভুঁইয়া বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে অভিযান চালায়। অভিযানের সময় নদ থেকে বালু উত্তোলন ও বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রলি এবং পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়। তবে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, নদী ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে নদ থেকে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস