images

সারাদেশ

হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর পদক্ষেপ

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ০৬:১৫ এএম

হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) তাদের নিয়ন্ত্রণাধীন ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। 

তিনি জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দিবারাত্রি পাহারার পাশাপাশি বিশেষ নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তের জিরো লাইন থেকে অভ্যন্তরীণ ৮ কিলোমিটার এলাকার মধ্যে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল পেট্রোল বৃদ্ধির মাধ্যমে তল্লাশি কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে বাল্লা আইসিপি এবং তৎসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে পাহারার হার দ্বিগুণ করা হয়েছে। 

একই সঙ্গে সীমান্ত সংলগ্ন ৮ কিলোমিটার এলাকার মধ্যে অস্বাভাবিক পরিমাণে তেল কেনা বা ড্রাম ভর্তি করে মজুত করার মাধ্যমে পাচারের সুযোগ তৈরি না হয় সেদিকে বিজিবি তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আরও বলেন, বিশাল সীমান্ত এলাকায় বিজিবি নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখছে এবং জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা এবং বাল্লা আইসিপি এলাকায় বিশেষ প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। পাচারকারী সিন্ডিকেট ও তাদের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করতে বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এবং গভীর রাত ও ভোরবেলায় ঝটিকা অভিযান ও অ্যাম্বুশ পরিচালনার মাধ্যমে পাচার কার্যক্রম নস্যাৎ করার প্রক্রিয়া অব্যাহত আছে।


প্রতিনিধি/এমএইচআর