জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০৫:০৯ এএম
গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য স্থানে মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের জয়নাল হাজারীর স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে একটি পরিত্যক্ত কারখানার দেখাশোনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারী পাড়ায় পরিত্যক্ত কারখানার আশেপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা সেখানে মাদক সেবন করছিল। মনোয়ারা বেগম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং ওই স্থান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত মনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এমএইচআর