images

সারাদেশ

পতাকা উত্তোলনের এক ঘণ্টার মাথায় মাগুরা আ.লীগ অফিসে আগুন

জেলা প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পরপরই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টায় মাগুরা শহরের জামরুলতলায় দলটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা এবং মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, পতাকা উত্তোলনের প্রায় এক ঘণ্টা পর একদল উত্তেজিত যুবক আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ সময় উত্তোলন করা দলীয় ও জাতীয় পতাকাও পুড়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আইন অমান্য করে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি