জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
বাগেরহাটে একটি ব্যাংকের লকার থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বাগেরহাট সদর এলাকার পূবালী ব্যাংকের একটি লকারে গ্রাহক সুমন দাস তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার সংরক্ষণ করে রেখেছিলেন। অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৫ অক্টোবর এসব স্বর্ণালংকার ব্যাংকের লকারে রাখা হয়।
বুধবার (৪ মার্চ) একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য লকার থেকে স্বর্ণ নিতে ব্যাংকে গেলে তিনি দেখেন, সেখানে রাখা স্বর্ণালংকার নেই। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।
অভিযোগকারী গ্রাহক সুমন দাস বলেন, লকারে রাখা আমাদের পরিবারের স্বর্ণালংকার নেই। কীভাবে এটি উধাও হলো তা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি।
পূবালী ব্যাংকের এজিএম মো. মনিরুল আমিন বলেন, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হাসান জানান, ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার ও পিবিআই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এজে