images

সারাদেশ

মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকা, বিভিন্ন প্যাকেটজাত করে খেজুর বিক্রি এবং খাবারে উৎপাদনের তারিখ না থাকায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ওই বাজারে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে পাওয়ার অপরাধে ভৈরব বস্ত্রালয় মালিককে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও অনুমোদন ছাড়া বিভিন্ন প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকা, একই অপরাধে সালমান সাইফ এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকা এবং মেসার্স শান্ত এন্টারপ্রাইজ মালিককে ৩ হাজার টাকা এবং খাবার পণ্যের উৎপাদন তারিখ না থাকায় মাম ফুডস মালিককে ১ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য প্রচারপত্র বিতরণ করা হয়। 

অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/এজে