জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
জামালপুরে বোতল কুড়িয়ে সংসার চালানো বৃদ্ধ এক দম্পতির আজীবন দায়িত্ব নিয়েছেন মেয়র প্রার্থী ও যুবদল নেতা সোহেল রানা খান।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের বাগেরহাটা বটতলা মোড়ে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের দলীয় কার্যালয়ে এই দম্পতির দায়িত্ব নেওয়া হয়।
এসময় বৃদ্ধ দম্পতির কাছে এক বস্তা চাল, দুই লিটার তেল, ডাল, চিনি, আদা, হুইল পাউডার, সাবান, পেঁয়াজ, আলু, সেমাই, মুরগী, শাড়ি, কাপড়, লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ অর্থ প্রদান করা হয়।
৭৫ বছর বয়সি চাঁন মিয়া ও কুলসুম বেগম নামের এই বৃদ্ধ দম্পতির বাড়ি শহরের বাগেরহাটা বটতলা মোড় এলাকাতে।
খোঁজ নিয়ে জানা যায়- এক সময় রিকশা চালিয়ে সংসার চালাতেন চাঁন মিয়া, তবে এখন বয়সের ভারে এখন আর বাইতে পারে না রিকশার ভার। এক ছেলে ও দুই মেয়ের কেউই খোঁজ রাখেনা তাদের। এই বৃদ্ধ দম্পতি জামালপুর শহরের পথের ধূলায় খালি প্লাস্টিকের বোতল কাগজ কুড়িয়ে বেড়ায়। দুইজন মিলে দুই কেজি প্লাস্টিক বোতল বিক্রি করে পায় ৩০ থেকে ৪০ টাকা। তাই দিয়েই জীবন চলতো কোনো মতে।
যুবদল নেতা সেহেল রানা খান এই বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নেয়ার পর আবেগ আপ্লুত কণ্ঠে চাঁন মিয়া বলেন, দুই বুড়া-বুড়ি দিনে বোতল কুড়ায়ে কইটা ভাত খাইতাম। কোনো ভবিষ্যৎ আছিলো না। এহন একটা গতি হইছে। এহন আমরা একটু নিশ্চিন্ত।
যুবদল নেতা ও মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, আমাদের সমাজে এমন অসহায়দের সংখ্যা অনেক। আমরা যারা একটু স্বচ্ছল আছি, তারা যদি এভাবে দুই একজনের দায়িত্ব নেই। তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। গরীব-অসহায়রা উপকৃত হবে। এছাড়াও আমি সব সময় বিএনপির আদর্শ মেনে চলি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনেই অসহায়দের পাশে দাড়াই।
প্রতিনিধি/এজে