জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে সালেহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়ম পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রতিনিধি/ এজে