জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম
ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রাজু শেখ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহত রাজুর পরিবার, স্বজন ও এলাকাবাসী। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন— নিহত রাজুর মা ছবি খাতুন, স্ত্রী নিশী বেগমসহ এলাকাবাসী।
বক্তারা বলেন, রাজুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার দিন তিনজনকে আটক করেছে। কিন্তু হত্যাকাণ্ডের মূল হোতারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, ফরিদপুর শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা রাজু শেখ (৩৮) পৌরসভার ক্লিনারের কাজ করতেন। পাশাপাশি জড়িয়ে পরেছিলেন মাদক কারবারের সঙ্গে। পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেড়ে দেন মাদক কারবার। বেশ কিছুদিন ধরে তিনি মাদক কারবার থেকে দূরে ছিলেন। রাজু ভালো হয়ে গেলেও তার পিছু ছাড়েনি মাদক কারবারিরা।
এরই জের ধরে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজুকে লক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকায় কুপিয়ে জখম করে কয়েকজন মাদক কারবারি। রাতেই রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রতিনিধি/টিবি