images

সারাদেশ

ঈদে রংপুরের বিশেষ ট্রেন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি বেলাল

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। 

বুধবার (৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তিনি এই আবেদন পেশ করেন।

সংসদ সদস্যের স্বাক্ষরিত এই আবেদনপত্রে উল্লেখ করা হয় যে, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর রংপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও অন্যান্য এলাকা থেকে যাতায়াত করেন। এতে ট্রেনের টিকিটের তীব্র সংকট দেখা দেয় এবং সড়কপথে অতিরিক্ত চাপের ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পায়। বিশেষ করে ঈদের আগে ও পরে কয়েকদিন যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

আবেদনে আরও বলা হয়, রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী পরিবহনে পর্যাপ্ত ট্রেন সুবিধা নেই। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঈদ উপলক্ষে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালু অথবা বিদ্যমান ট্রেনের সংখ্যা ও কোচ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, সংসদ সদস্যের আবেদনটি হাতে পাওয়ার পরপরই আজ তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছর ধরে সারাদেশে ঈদের বিশেষ ট্রেন সুবিধা দেওয়া হলেও রংপুর অঞ্চল তুলনামূলকভাবে বঞ্চিত ছিল। তাই এবার অতিরিক্ত ট্রেনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন করায় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রংপুরবাসী। সংশ্লিষ্ট মহল আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি