images

সারাদেশ

মুন্সিগঞ্জে তার চুরির অপবাদে গণপিটুনিতে বেদে পল্লীর ২ জন নিহত

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

বাংলাদেশের মুন্সিগঞ্জে বৈদ্যুতিক তার চুরির অপবাদে স্থানীয়দের গণপিটুনিতে বেদে সম্প্রদায়ের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতিমধ্যে চারজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি হচ্ছে এমন সন্দেহে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে চুরির অপবাদ দিয়ে তাদের ওপর গণপিটুনি চালানো হয়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। তারা উভয়ই স্থানীয় বেদে সম্প্রদায়ের সদস্য।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, প্রাথমিক তদন্তে নিহতরা চুরির সময় হাতেনাতে ধরা পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তাদের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে চুরির অপবাদ দিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয় এবং একপর্যায়ে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির মাধ্যমে তাদের হত্যা করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি