images

সারাদেশ

অস্ত্র-গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা আটক, ডাকাতির প্রস্তুতি পণ্ড

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, ধারালো চাকু ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপারসহকারী পরিচালক(ল' অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

তিনি জানান, মঙ্গলবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশে সমবেত হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।

ebd3351b-c022-4158-8c4e-2fd5804749f8

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন, মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮),জাহেদ উল্লাহ (২১)। আটকরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়ুন

বরগুনায় বাড়ি থেকে দেড় কেজি গাঁজা জব্দ, নারীসহ দুই কারবারি আটক

যেসব আলামত উদ্ধার করা হয়- ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক,৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক কারবার ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানানো হয়। আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস