জেলা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও যৌথ টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। এসব অভিযানে বাজি ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীসহ মোট দুই কোটি ৫৯ লাখ ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে বিজিবির অ্যাডজুটেন্টের নেতৃত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালমান ফারসির উপস্থিতিতে বিজিবি ও পুলিশ সদস্যদের যৌথ টাস্কফোর্স দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
এ ছাড়া, একই দিনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৯৫ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় বাজি আটক করা হয়।
পৃথক অভিযানে জব্দ হওয়া অবৈধ চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য দুই কোটি ৫৯ লাখ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া সব মালামাল প্রয়োজনীয় আইন অনুযায়ী কাস্টম্সে জমা দেওয়া হবে।
প্রতিনিধি/এসএস