জেলা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। বিষয়টি সংসদের ওপর নির্ভর করছে। সংসদে আইন আকারে পাস করা হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।
গতকাল মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করা হয়েছে। সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে। সেই অধ্যাদেশ ১২ মার্চ সংসদে উপস্থাপন করা হবে। সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে, কোনটি করবে না– এটা ওইদিন সিদ্ধান্ত হবে।
সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী করপোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী নগরীর ছড়া-খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, ওয়াসা স্থাপনসহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
প্রতিমন্ত্রী সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি কাজী নজরুল মিলনায়তন, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে ও জেল কলোনি পরিদর্শন করেন।
প্রতিনিধি/একেবি