images

সারাদেশ

জামিনে মুক্তির এক ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

গ্রেফতাররা হলেন— মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯)। গ্রেফতারের সময় রায়হানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন কারাভোগের পর ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে নিয়ে তাকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়।

ইমনের বাবা ওমর খৈয়াম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যায়। তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জের উপপরিচালক কোম্পানির কমান্ডার এসপি মো. আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে  রায়হান ও সেতুকে গ্রেফতার করা হয়। রায়হানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি