images

সারাদেশ

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

মাদারীপুর সদর উপজেলার দুর্গাবরদী গ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। লাশের পরিচয় ছিল অজানা, মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়েছিল, ঘটনাস্থলে ছিল না কোনো সুস্পষ্ট আলামত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক বিষয়টি জানান।

গত ২২ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবরদী গ্রামের জয়নাল ব্যাপারীর বাড়ির পাশের ভুট্টা খেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় প্রথমদিকে তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ।

আরও পড়ুন

মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

তবে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি সিরাজ সরদার (৫৬) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

94770f8e-a7f3-4c7c-9f9a-aa63fbc12689

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প দিনেই আমরা হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জড়িত বাকিতের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রতিনিধি/এসএস