জেলা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে সুন্দরবন এলাকা থেকে বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোস্টগার্ড সদস্যরা নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করা হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালিয়ে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নির্বাচন পরবর্তী সময়ে যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল সরদার উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করে।
আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
প্রতিনিধি/এসএস