images

সারাদেশ

ঈদযাত্রা নিরাপদ করতে উত্তরের মহাসড়কে পুলিশের বিশেষ ‘এস্কট’ সেবা

জেলা প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সিরাজগঞ্জের ব্যস্ততম মহাসড়কে বিশেষ‘ এস্কট’ সেবা চালু করেছে জেলা পুলিশ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার সীমান্ত পারাপারে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সিরাজগঞ্জ পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যকর চালু হওয়ায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির জন্য দেওয়া হচ্ছে পুলিশি এস্কট। পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা অতিক্রম করানো হবে। যাত্রাপথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

জেলা পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তরের মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহনের ড্রাইভার ও হেলপাররা। 

সিরাজগঞ্জ লাইন বাসের ড্রাইভার আজাদ রহমান, মোতালেব সেখ ও হায়দার শেখ বলেন, পুলিশের দৃশ্যমান উপস্থিতি যাত্রীদের মনে নিরাপত্তাবোধ বাড়িয়েছে এবং যাত্রাপথ আরও স্বস্তিদায়ক হবে। ঈদ যাত্রায় সবাই ট্রাফিক আইন মেনে চলাচল করলে যাত্রাপথ আরও ভালো হবে।

সিরাজগঞ্জ জেলার এস্কর্ট সেবায়: যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৯। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বরেও ০১৩২০১৩০৪৯৮ যোগাযোগ করা যাবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উত্তরের গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এস্কর্ট টিম মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, রাতের বেলায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনকে নির্দিষ্ট পয়েন্ট থেকে এস্কর্ট দিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে। যাতে কোনো ধরনের অপরাধ, ছিনতাই বা দুর্ঘটনা এড়ানো যায়। পাশাপাশি মহাসড়কে অতিরিক্ত গতির বিরুদ্ধে অভিযান এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/এজে