images

সারাদেশ

সাহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

জেলা প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়াতে সাহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে লালা বিবির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে ।

আরও পড়ুন

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

তিনি অভিযোগ করেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের ধারণা।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিনিধি/এসএস