images

সারাদেশ

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

ঝিনাইদহে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এবং সকালে ঝিনাইদহ সদরে ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

রেললাইনে কথা বলার সময় প্রাণ গেল যুবকের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ চৌধুরী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ বারবাজার এলাকার বেলাট গ্রামের বিদ্যুৎ চৌধুরীর ছেলে। স্থানীয়রা জানান, শুভ পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন। আজ সন্ধ্যার পর বারবাজার এলাকার আউলিয়া মসজিদের পশ্চিম পাশে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বারবাজার এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশকে বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে।

বাবার জন্য ভাত নিয়ে যাওয়ার পথে প্রাণ হারালো শিশু
অন্যদিকে, ঝিনাইদহ সদরের নৃসিংহপুর নামক স্থানে শ্রমিক বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় হুসাইন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় প্রান্ত নামের অপর এক কিশোর সামান্য আহত হয়। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেলে করে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটায় খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িভর্তি ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুসাইন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

প্রতিনিধি/একেবি