জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর সংস্কারের নামে অবৈধভাবে গভীর খনন করে মাটি বিক্রির দায়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে সরকারি একটি পুকুর সংস্কারের নাম করে গভীর গর্ত খুঁড়ে মাটি বিক্রি করে আসছিলেন ছাত্রদল নেতা নাজেবুর রহমান সুইট। অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগেও উক্ত পুকুরে মাটি বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছিল উপজেলা প্রশাসন। তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান সেখানে খননকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও স্ক্যাবেটর (ভেকু) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছিল। তবে প্রশাসনের সেই কঠোর নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই পুনরায় মাটি কাটা ও বিক্রি অব্যাহত রাখেন ওই নেতা।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি অস্বাভাবিক গভীর করে মাটি কাটার ফলে আশপাশের এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মাটিবাহী ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে পাঁচশিরা-মোলামগাড়ীহাট সড়কটির অবস্থা এখন খুবই নাজুক। সামান্য বৃষ্টি হলেই সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন ‘সরকারি পুকুর থেকে অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে তাকে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/একেবি