জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) কিকেল তিনটার দিকে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে নির্বাচন অফিসে যান নেতারা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছবি তোলার জন্য দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। পরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।
আলী আজগর তালুকদার হেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপি দেখবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর শেখ তাহা উদ্দিন নাহিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়। আগামী ৯ এপ্রিল এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/এমআই