জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ১১:০২ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই সাবেদ (১৯) নামের মোটরসাইকেল চালক নিহত হয়। এছাড়া একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় মো. সামির (২৪) নামের আরও এক মোটরসাইকেল আরোহী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে, আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পরে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয় হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে।
মূলত মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত সাবেদ নারায়ণগঞ্জের বাসিন্দা ও মতিন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত সামিরের বাড়ি ও নারায়ণগঞ্জের একই এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করবে হাঁসাড়া হাইওয়ে পুলিশ সদস্যরা। এছাড়া দুর্ঘটনার পর এক্সপ্রেস এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস