জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম
বগুড়ার নন্দীগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে (২৪) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এই হামলার নেতৃত্বে ছিলেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলে দাবি করেছেন আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শাকিল বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার মাঝগ্রাম এলাকায় রাব্বি নামের এক যুবক এক নারীকে উত্ত্যক্ত করছিলেন। সে সময় কলেজ ছাত্রদল নেতা শাকিল সেখানে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ করেন এবং রাব্বিকে বাধা দেন। অভিযুক্ত রাব্বি মূলত পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের অনুসারী হিসেবে পরিচিত। এই প্রতিবাদকে কেন্দ্র করে ওই সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষ করে সন্ধ্যায় শাকিল নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিতে যান। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা পলিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শাকিলকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
শাকিলের মা অভিযোগ করে বলেন, আমার ছেলে শুধু একটা অন্যায়ের প্রতিবাদ করেছিল। সেই অপরাধে তারা ওকে এভাবে কুপিয়ে মারতে চাইল। আমি এর বিচার চাই।
খবর পেয়ে রোববার রাতেই হাসপাতালে আহত ছাত্রদল নেতাকে দেখতে যান বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, দলে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। অভিযুক্ত ব্যক্তি যদি দলের পদধারীও হন, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। আমরা আইনগত ব্যবস্থার পাশাপাশি কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেব।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি