জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম
জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন ভুক্তভোগী ওই নারী।
রোববার (১ মার্চ ) সন্ধ্যা ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রোববার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার ঘরে প্রবেশ করেন। হঠাৎ পেছন থেকে ওই নারীকে জড়িয়ে ধরে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকেন তিনি। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে নিজের সম্ভ্রম রক্ষার্থে ওই নারী হাতের কাছে থাকা ব্লেড দিয়ে আঘাত করলে অভিযুক্ত গুরুতর আহত হন। এতে তার পুরুষাঙ্গ কেটে যায়।
ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভ্রম বাঁচাতে তিনি কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তবে এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে এবং বর্তমানে এটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
প্রতিনিধি/এসএস