images

সারাদেশ

কক্সবাজারে গ্যাস পাম্প বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে।

ঘটনার চারদিন পর রোববার (১ মার্চ) বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলাতলী আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু তাহের (৪২) কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশার চালক ছিলেন।

কলাতলী আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন জানান, ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় আবু তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার তার মৃত্যু হয়।

এর গত বুধবার মধ্যরাতে বাড়ির পাশের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামের একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে আবু তাহেরসহ অন্তত ১৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, ঢাকায় চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। মরদেহ কক্সবাজারে আনার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

এদিকে, জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/টিবি