জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম
বাগেরহাটের শরনখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে শরণখোলা উপজেলার মডেল বাজারে ওই হামলার ঘটনা ঘটে।
শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাঈম ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফুল ইসলাম (৩২) শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে করেছে। তদন্তের স্বার্থে আটকদের নাম ঠিকানা জানায়নি পুলিশ।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন জানান, নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামীর কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা ছাত্রদল কর্মীদের ঘরের মধ্যে আটক করে নির্মমভাবে পিটিয়েছে। আহত অবস্থায় আরিফকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জামায়াত কর্মীদের অত্যাচারে শরণখোলার মানুষ অতিষ্ট। রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামী দিন বিক্ষোভ মিছিলসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি