জেলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ১১:০০ পিএম
গাজীপুরের শ্রীপুরে পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মারধরের ঘটনায় টাঙ্গাইল সদর এবং শ্রীপুর থানা পুলিশের কমপক্ষে ১১ জন সদস্য আহত হয়েছেন। দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যের বিস্তারিত জানা যায়নি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০)।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করতে টাঙ্গাইল সদর থানার ৬ সদস্যের একটি টিম শ্রীপুরে আসেন। এসময় তারা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা চায়। পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা পুলিশ নিজ মাওনা গ্রামের আদিল ও তার বাবা মনির হোসেনকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে উঠানোর চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন ডাকাত আসছে, ভুয়া পুলিশ আসছে বলে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। তাদের হামলায় মারধরে ১১ পুলিশ সদস্য আহত হয়। হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয় দুই আসামিকে। আসামির বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে হ্যান্ডকাফ ছিনিয়ে নেওয়া দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১১ জন পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত দুই নারীকেও আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস