উপজেলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
গাছের ডাল নেওয়াকে কেন্দ্র করে ঢাকার দোহার উপজেলার বাহ্রা বাগেরকাচা এলাকায় নুর মুহম্মদ (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৫ দিন আগে পল্লীবিদ্যুতের লোকজন একটি গাছের ডাল কেটে রেখে যায়। আজকে সকালে বাহ্রা বাগেরকাচা এলাকার নুর মোহাম্মদ ওই ডালটি আনতে গেলে প্রতিবেশী সেলিম বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মো. সেলিমের ছেলে রিয়াজুল (১৮) ধারালে অন্ত্র দিয়ে নুর মুহাম্মদের মাথায় ও গলায় আঘাত করে। এতে গুরুতর নুর মুহম্মদকে অবস্থায় দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নুর মুহম্মদের ছেলের বউ তানজিলা খাতুন জানায়, আমি রান্না করছিলাম, এ সময় চিৎকারের আওয়াজ পেয়ে ঘর থেকে রেবিয়ে দেখি আমার শ্বশুরকে রিয়াজুল চাইনিজ কুড়াল দিয়ে কোপাচ্ছে। আশপাশের লোকজন এগিয়ে এলে সেলিম ও তার ছেলে রিয়াজুল পালিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, গাছের ডাল নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস