জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে বাংলাদেশকে একটি কল্যাণকর ও চমৎকার রাষ্ট্র গঠন করবো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার প্রধান এই অঞ্চলের মানুষের দাবির কথা চিন্তা করে প্রতিমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব দিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পরে রাজবাড়ী জেলা শহরের ২৮ কলোনি কবর স্থানে পিতা-মাতা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে তিনি। এ সময় একটি সুন্দর বাংলাদেশ গঠনে দেশবাসির সহযোগিতা ও সবার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে, প্রতিমন্ত্রী হিসেবে রাজবাড়িতে প্রথম আগমন উপলক্ষ্যে সার্কিট হাউজে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
প্রতিনিধি/এজে