জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘দেশে দখলবাজ, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দায়ভার সরকার বা দল নেবে না। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সরকারি গিলাতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এআইজিপি শেখ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের অনাচার, সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধে প্রশাসনকে আরও সক্রিয় করা হয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও জানান, কৃষি ও মৎস্য খাতকে এগিয়ে নিতে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের কাজ চলমান রয়েছে।

মোংলা বন্দরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মোংলা বন্দরকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। বন্দরনির্ভর শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধি পেলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ইপিজেডের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মমুখী করে তোলা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ৩১ দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সরকারের গণমুখী উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা প্রয়োজন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নে মাদুরপাল্টা বাজার ব্রিজ সংলগ্নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া।
এএইচ