images

সারাদেশ

সিরাজগঞ্জে ইভটিজিংয়ে বাধা, সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শাহ আলম মারা যান।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা। হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি