জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে হৃদযন্ত্রের জটিলতায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে পুণরায় কারাগারে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল এবং প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হতো। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।
কারা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শফিকুল ইসলাম খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তার মরদেহ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিনিধি/টিবি