জেলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই শহীদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা, মারপিট ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মাহফুজের বোন রহিমা খাতুনসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে শাহিন হাওলাদারকে (৩৫) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান হাওলাদারের অভিযোগ, পূর্ব শত্রুতার কারণে তার ভাইয়ের ছেলেরা পরিকল্পিতভাবে আজ তার (মান্নান হাওলাদারের) বসতঘরে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়েছে। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করে।

আরও পড়ুন
কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২
অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে মান্নান হাওলাদারের বিরুদ্ধে পাল্টা মারপিটের অভিযোগ করেন তার আপন ভাই আলতাফ হাওলাদার। তিনি অভিযোগ করে বলেন, শুধু শহীদ মাহফুজের বাবা হওয়ার কারণে মান্নান এলাকার সবাইকে জিম্মি করে ফেলেছে। গতকাল সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আজ আবার তার লোকজন আমার ছেলেদেরকে মারপিট করেছে।

এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস