images

সারাদেশ

ফরিদপুরে রশি টাঙানো নিয়ে বিবাদ, যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

ফরিদপুর শহরের গোয়ালচামট বিহারী কলোনির মোল্লাবাড়ি সড়কে কাপড় শুকানোর রশি টাঙানোকে কেন্দ্র করে তর্কের জেরে জুয়েল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুয়েল মোল্লা ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং প্রয়াত মনির উদ্দিন আনসারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে কাপড় শুকানোর রশি টাঙানো নিয়ে পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া সাহা নেওয়াজ (২৩) ও সিফাতের (২০) সঙ্গে জুয়েল মোল্লার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে সরফরাজ ও তার স্ত্রী মনি বেগমের নেতৃত্বে ৮-১০ জন ঘটনাস্থলে এসে জুয়েল মোল্লা ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ মনি বেগম (৪৫) ও সিফাতকে (২০) গ্রেফতার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একেবি