images

সারাদেশ

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ

জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন।

নির্বাচনে সভাপতি পদে শেখ মো. আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে এস এম শাতিল মাহমুদ জয়লাভ করেছেন।

​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

​নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতি পদে শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ. ম. আরিফুল ইসলাম (রিপন) ১৬৫ ভোট পেয়ে পরাজিত হন।

​১৭টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রহমান (২০৭ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুন নাহার (২১৮ ভোট), কোষাধ্যক্ষ পদে মোখলেসুর রহমান পিন্টু (১৪৪ ভোট), গ্রন্থাগার সম্পাদক পদে মো. এনামুল হক (২১১০ ভোট), সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফুল রেজা শিমুল (১৬২ ভোট), সিনিয়র সদস্য পদে, হাফিজুর রহমান হাফিজ (৩৫১ ভোট), আখতারুজ্জামান আক্তার (৩৪৭ ভোট), মোছাম্মদ আয়েশা সিদ্দিকা (৩১৭ ভোট) এবং আশুতোষ কুমার পাল দেবাশীষ (৩১২ ভোট)। এছাড়া জুনিয়র সদস্য পদে, মোহাম্মদ সাইফুল ইসলাম রানা (৩৩২ ভোট), রবিউল ইসলাম (৩২০ ভোট), সাইফুল ইসলাম সুমন (৩০৪ ভোট) এবং জাভেদ কাইসার জাসিব (২৯১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

সম্প্রীতি রক্ষায় কক্সবাজারে রাজনৈতিক দলগুলোর প্রত্যয়

নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আব্দুর রউফ। এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোস্তফা শামসুজ্জামান ও মোহাম্মদ আল মুজাহিদ হোসেন মিঠু। তারা জানান, অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

​এবারের নির্বাচনে আদালতপাড়ায় এক অভূতপূর্ব উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পুরো আদালত চত্বর ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে যায়। বিগত বছরগুলোতে প্যানেলভিত্তিক নির্বাচনের আধিক্য থাকলেও এবার প্রার্থীরা ব্যক্তিগত ইমেজ ও ভিন্ন কৌশলে প্রচারণা চালিয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন প্রার্থীরা। নবনির্বাচিত পরিষদ আগামী এক বছর আইনজীবীদের স্বার্থ সুরক্ষা ও বিচারালয়ের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিনিধি/এসএস