images

সারাদেশ

মুন্সীগঞ্জে আলু খেতে ককটেল বিস্ফোরণে বিচ্ছিন্ন শিশুর আঙুল

জেলা প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

আলু খেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম নামে এক শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মোস্তাকিম মুন্সিকান্দি এলাকার আল আমিনের ছেলে। শিশুটির বাবা আল আমিন জানান, দুপুরে তাদের অজ্ঞাতসারে খেলতে খেলতে আলু খেতের দিকে যায় মোস্তাকিম। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে তারা ছুটে গিয়ে দেখেন চারদিকে রক্ত এবং তার ছেলে পড়ে আছে। এ সময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে যান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান বলেন, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন তারা।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/একেবি