জেলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৫ নম্বর কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি ডাব গাছ থেকে ডাব পাড়া নিয়ে প্রথম পক্ষের মো. জুয়েল খান (১৭), ইয়াসিন আরাফাত (২৩) এবং দ্বিতীয় পক্ষের মো. সবুজ (২৮), কাজল (১৫) ও প্রান্তের (২২) মধ্যে কথা-কাটাকাটি হয়।
উক্ত ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষ বাঁশের লাঠি ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন— মো. জুয়েল খান (১৭), ইয়াসিন আরাফাত (২৩), তহমিনা খাতুন (২৬) শিখা খাতুন (৪০) মো. সবুজ (২৮), কাজল (১৫), প্রান্ত (২২) ও লালটু (৫০)।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানা জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস